রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারানো রাজীব হোসেনের অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অলৌকিক কিছু ঘটার আশায় রয়েছেন চিকিৎসক এবং পরিবারের সদস্যরা। এজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তারা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিকস বিভাগের প্রধান মো. শামসুজ্জামান বলেন, বুধবার গভীর রাত থেকে রাজীবের অবস্থার আরও অবনতি হতে শুরু করেছে। তার রক্তচাপ খুবই কমে গিয়েছিল।
ওষুধ দিয়ে রক্তচাপ কিছুটা বাড়ানো হয়েছে। হৃদযন্ত্র, কিডনি ও ফুসফুসসহ দেহের গুরুত্বপূর্ণ অঙ্গপ্রত্যঙ্গগুলো ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। চিকিৎসকেরা রাজীবকে বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করছেন।
রাজীবের খালা জাহানারা বেগম বলেন, নতুন করে কোনো ভালো খবর দিতে পারছেন না চিকিৎসকেরা। তাদের বলা হয়েছে, চিকিৎসকেরা চেষ্টা করছেন, কিন্তু তারা খুব বেশি আশাবাদী নন। তবু তিনি অপেক্ষা করে আছেন। তার বিশ্বাস, অলৌকিক কিছু ঘটবে।
এসময় রাজীবের এই পরিণতির জন্য যে গাড়িচালকেরা দায়ী, তারা যেন কোনোভাবেই ছাড় না পান সে বিষয়ে নজর রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন জাহানারা।





