সরকারি চাকরিতে বিদ্যমান কোটা ব্যবস্থার সংস্কার দাবিতে গড়ে ওঠা আন্দোলনের প্রথম দিনে ‘পুলিশের গুলিতে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী কিছুক্ষণ আগে মারা গেছেন’- এমন স্ট্যাটাস দিয়ে মৃত্যুর গুজব ছড়ানোর জন্য গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের অ্যাকাউন্ট শনাক্ত করেছে পুলিশের সাইবার ক্রাইম টিম। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

ইমরানের অ্যাকাউন্টের সঙ্গে আরো ২০-২৫টি অ্যাকাউন্ট ও পেজও সনাক্ত করা হয়েছে; যেগুলো থেকে ফেসবুকে মৃত্যুর গুজব ছড়ানো ও আন্দোলনে উসকানি দেয়া হয়েছিল বলে অভিযোগ করা হচ্ছে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। সূত্রটি বলছে, ইমরানের অ্যাকাউন্ট থেকে একাধিক স্ট্যাটাস দেয়া হয়েছে। এক শিক্ষার্থীকে পুলিশ হত্যা করেছে বলেও ইমরানের অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়। পরে ওই শিক্ষার্থীই জানান, তিনি বেঁচে আছেন।

পুলিশ বলছে, আবু বক্কর সিদ্দিকি নামে আহত এক শিক্ষার্থীর অজ্ঞান অবস্থার ছবি তুলে তার মৃত্যু হয়েছে বলে গুজব ছড়ানো হয়।

সূত্র বলছে, মৃত্যুর গুজব সবচেয়ে বেশি ছড়ানো হয়েছে ইমরান এইচ সরকারের ভেরিফায়েড পেজ থেকে। পেজটিতে সাড়ে ১৪ লাখের বেশি লাইকার রয়েছেন।

ইমরান এইচের বিরুদ্ধে মামলা হলে তিনি গ্রেফতার হতে পারেন বলেও জানিয়েছে সূত্রটি।