আগামী মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আন্দোলন স্থগিত করেছেন কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বৈঠক শেষে পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ ঘোষণা দেন। সোমবার যোগাযোগ মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে বিকেল সাড়ে ৪টার দিকে এ বৈঠক শুরু হয়। শেষ হয় ৬টা ১৮ মিনিটে।

বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, কোটা পদ্ধতি পরীক্ষা-নিরীক্ষা করে সমাধান বের করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্টদের পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ দিয়েছেন। আন্দোলনকারীদের প্রতিনিধিদের সাথে আলাপ-আলোচনা করার কয়েক মিনিট আগে আমাকে বলে দিয়েছেন, কোটা নিয়ে সংশ্লিষ্টদের পরীক্ষা-নিরীক্ষা করতে নির্দেশ দিয়েছি।

তিনি বলেন, মে মাসের ৭ তারিখের মধ্যে পরীক্ষা-নিরীক্ষার ফলাফল জানিয়ে দেয়া হবে। ওই পর্যন্ত শিক্ষার্থীরা তাদের আন্দোলন স্থগিত রাখবে। এর আগে সোমবার বিকেল সাড়ে ৪টায় যোগা‌যোগ মন্ত্রণাল‌য়ের কনফা‌রেন্স রু‌মে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে আরও রয়েছেন- যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, উপ দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সদস্য এস এম কামার হোসেন। এছাড়া ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া উপস্থিত আছেন।

অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনকারী প্রতিনিধি দলে-নিলয়, আল ইমরান, মামুন, সুমন, ফারুক, সোহেল, সন্ধান, সাথী, দীনা, আরজিনা, লুবনা, কানিজ, তিথী, উজ্জ্বল, তারেক, নূর, ইকবাল, লিটন, ইলিয়াস, সুমন নামের ২০ জন শিক্ষার্থী রয়েছেন বলে জানা গেছে।

বৈঠকে ৫ দফা দাবি তুলে ধরা হবে বলে জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।