আসন্ন খুলনা সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তালুকদার আবদুল খালেক এমপি। সোমবার রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় ফ্লোর নিয়ে কান্নাজড়িত কণ্ঠে সংসদ থেকে বিদায় নেয়ার ঘোষণা দেন তিনি। এসময় তিনি আসন্ন নির্বাচনে জয়ী হতে সবার দোয়াও চান। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে তালুকদার খালেক বলেন আমি এই সংসদে ৯১, ৯৬ এবং ২০০১ নির্বাচনে জয়ী হই। এরপর ২০১৪ সালে বাগেরহাট-৩ থেকে পুনরায় নির্বাচিত হয়েছি। আমি ২০০৮ সালে আওয়ামী লীগের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনে মেয়র হিসেবে জয় লাভ করি। তবে ২০১৩ সালে জিততে করতে পারিনি। পরবর্তিতে আবারো সংসদ সদস্য নির্বাচিত হই।

তিনি বলেন, আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড এবং বোর্ডের প্রধান জননেত্রী শেখ হাসিনা আমাকে খুলনা সিটি কর্পোরেশনে পুনরায় নির্বাচন করার জন্য সিদ্ধান্ত দিয়েছেন। আগামি ১২ এপ্রিল আমি মনোনয়ন দাখিল করব। আমাকে সংসদ সদস্য থেকে পদত্যাগ করে নির্বাচন করতে হবে। এসময় কান্নায় তার কথাগুলো আটকে যাচ্ছিল।

স্পিকারের উদ্দেশ্যে তিনি বলেন, আমি হয়তো দুই একদিনের মধ্যে আপনার কাছে পদত্যাগপত্র জমা দেব। এসময় তিনি স্মৃতিচারণ করে বলেন, এই আসনে বসেই ১৯৯১ সালে বিরোধী দলের আসনে বসে ছিলাম। এরপর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে আমাকে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়।

তিনি সকলের কাছে দোয়া চেয়ে বলেন আমি যেখানেই থাকি না কেনো, আমি যেন জনগণের জন্য কাজ করতে পারি। আওয়ামী লীগের পক্ষে কাজ করতে পারি সেই দোয়া করবেন।