সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারে সরকারের আশ্বাসেও মাঠ ছাড়েনি সাধারণ আন্দোলনকারীরা। বরং আন্দোলনকারীরা হাতে রড, বাঁশ, লাঠি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছে ‘আন্দোলন চলছে, আন্দোলন চলবে’। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সোমবার (৯ এপ্রিল) বিকেলে সচিবালয়ে সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয় আন্দোলনকারী প্রতিনিধি দলের সাথে। সেখানে ৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দেয়া হয়। তবে সাধারণ শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
সন্ধ্যার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আবারও হাজারো শিক্ষার্থীরা জড়ো হয়েছেন।
সাধারণ শিক্ষার্থীরা বলছেন, ‘একমাস নয়। আজ অথবা আগামীকালের মধ্যেই দাবি বাস্তবায়ন করতে হবে।’ তারা জানান, এক মাস পর রোজা ও অনেকেরই পরীক্ষা সেক্ষেত্রে। আমরা এতো সময় অপেক্ষা করা যাবে না। অনেকেই বিষয়টিকে সরকারের টালবাহানা বলেও দাবি করেন।
তারা আরও জানান, আন্দোলন প্রত্যাহার করা হয়নি। আন্দোলন চলছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
এদিকে গতকাল রাতে ভিসির বাসভবনে হামলার ঘটনাকে কেন্দ্র করে আন্দোলনকারীরা ঢাবিতে প্রবেশ মুখে তাদের লোকদের দিয়ে চেক পোস্ট বসিয়েছে। তারা ঢাবির শিক্ষার্থীদের আইডি কার্ড ছাড়া ঢুকতে দিচ্ছে না। সাংবাদিকদেরকেও আইডি কার্ড দেখাতে বলা হচ্ছে।
তারা বলছে, কৌশলে আন্দোলন বন্ধ করার কোনও চক্রান্ত আমরা মেনে নেবো না।
রোকেয়া হলের সামনে শত শত নারী শিক্ষার্থী জোড়ো হয়েছেন।





