ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে তাণ্ডব চালিয়ে হামলাকারীরা স্বর্ণালঙ্কার ও টাকা-পয়সা লুটে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ভিসি ড. আখতারুজ্জামানের স্ত্রী আসমা জামান। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আসমা জামান বলেন, “রাত দেড়টার দিকে দুই-তিনশ হামলাকারী বাসভবনের গেট ভেঙে ভেতরে ঢুকে। এ সময় তিনি স্বামীকে পুলিশে খবর দেওয়ার জন্য বলেন কিন্তু আখতারুজ্জামান ছাত্রদের বিরুদ্ধে অবস্থানে যেতে চাননি। হামলাকারীরা আসার পর তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন ভিসি। কিন্তু তারা কোনো কথা শুনতে চায়নি।
আসমা জামান বলেন, ‘দুই ঘণ্টা ধরে পুরো বাড়িতে তাণ্ডব চালানো হয়েছে। বাসার সকল আসবাবপত্র হামলাকারীরা চুরমার করে ফেলেছে। এমনকি বাথরুমে ঢুকেও সবকিছু ভেঙে ফেলেছে। বাসার সব আলমারি খুলে আমার ও আমার বোনের স্বর্ণালঙ্কার হামলাকারীরা নিয়ে গেছে। এছাড়া নগদ টাকাও নিয়েছে।
‘কতগুলো স্বর্ণালঙ্কার খোয়া গেছে’ জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ছয় ভরি ও বোনের আট ভরি স্বর্ণালঙ্কার ছিল।’
‘বাসায় আমরা চারজন ছিলাম। অবস্থা বেগতিক দেখে মেয়েকে নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাই। আমার মেয়ে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে’ বলেন তিনি।
হামলার পরিপ্রেক্ষিতে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার স্বামী বলেছেন তিনি মামলা করতে চান না। কারণ তিনি চাননা তার কোনো ছাত্র আসামি হোক।’





