অসুস্থতা থেকে আরোগ্য লাভের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন। রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি সংযুক্ত করে আপলোড করা পোস্টে রুবেল হোসেন লিখেন, ‘অনেক অসুস্থ হয়ে পড়লাম। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ্ ভরসা।’ ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

গত জানুয়ারি মাস থেকেই টানা ক্রিকেটের মধ্যে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরের মাটিতে ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-২০ সিরিজের পর শ্রীলঙ্কা সফরে যায় বাংলাদেশ দল। সেখানে স্বাগতিক শ্রীলঙ্কা ও ভারতের বিপক্ষে তিন জাতির টি-২০ টুর্নামেন্ট নিদাহাস ট্রফিতে মাঠে নামে বাংলাদেশ।

হোম সিরিজে দলের সাথে থাকলেও সবগুলো ম্যাচে খেলা হয়নি, তবে নিদাহাস ট্রফিতে বাংলাদেশের হয়ে সবগুলো ম্যাচে খেলেছিলেন রুবেল হোসেন। তার আগে অংশ নিয়েছিলেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও।

সব মিলিয়ে তাই ছিলেন ক্রিকেটের মধ্যেই। টানা ক্রিকেটের এই ধকল হয়ত সামলাতে পারেননি জীর্ণশীর্ণ রুবেল। আর এজন্যই শারীরিক অবস্থা একটু অনুপযুক্ত হয়ে পড়েছে তার।

নিদাহাস ট্রফির ফাইনাল শেষে বেশ কয়েকদিন ক্রিকেট অঙ্গনের আলোচনায় ছিলেন রুবেল। ভারতের বিপক্ষে ঐ ম্যাচে জয়ের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল বাংলাদেশ।

তবে ডেথ ওভারে রুবেল হোসেনের এক ওভারে ২২ রান নিয়ে ম্যাচের মোড় পাল্টে দেন ভারতীয় ব্যাটসম্যান দীনেশ কার্তিক। ম্যাচ শেষে হারের জন্য অনেকেই তাই দায়ী করেন রুবেলকে। এর জের ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে দুঃখও প্রকাশ করেন অভিজ্ঞ এই পেসার।