বেগম খালেদা জিয়ার পছন্দের চিকিৎসকদের দিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তিন সদস্যের এই মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন মেডিসিনের অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, অর্থপেডিকস এর অবসরে যাওয়া চিকিৎসক ডা. এম আলী এবং নিউরোলজীর ডা. ফিরোজ আহমেদ কোরেশী। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

জেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বেগম জিয়ার পছন্দের ভিত্তিতে এই তিনজন চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড কিছুক্ষণের মধ্যেই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করবেন।

যোগাযোগ করা হলে বঙ্গবন্ধু মেডিকেল বিম্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বাংলা ইনসাইডারকে বলেন, ‘সরকারের পক্ষ থেকে আমাদের কাছে একটি চিঠিতে তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করার কথা বলা হয়েছে।’ তিনি জানান, এই তিনজন চিকিৎসকই বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বেগম জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করবেন।’ উপাচার্য বলেছেন ‘এরা কেউই বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসক নন।’ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, যেহেতু বেগম জিয়া তাঁর ব্যক্তিগত পছন্দের চিকিৎসকদের দিয়ে স্বাস্থ্য পরীক্ষা করাতে চেয়েছেন, সে কারণেই তা করা হয়েছে।’

জানা গেছে, বেগম জিয়ার পুত্রবধূ ডা. জোবায়দা এই চিকিৎসকদের তালিকা চূড়ান্ত করেছেন। এরা তিনজনই বিএনপিপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত।