জমে উঠেছে ভারতীয়দের সাথে শহিদ আফ্রিদির লড়াই। বৃহস্পতিবার সংঘাতপূর্ণ কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে একটি টুইট করেছিলেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। এর প্রতিক্রিয়ায় প্রথমে গৌতম গম্ভির আফ্রিদিকে ব্যঙ্গ করে সমালোচনা করেছিলেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এরপরই এতে যোগ দিয়েছিলেন শচীন টেন্ডুলকার ও কপিল দেবের মতো ভারতীয় গ্রেটরা। আফ্রিদির তীব্র সমালোচনা করেন তারা। এবার ভারতীয়দের বিপক্ষে নতুন তোপ দাগালেন আফ্রিদি, জানালেন, আমন্ত্রণ পেলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতেন না তিনি।

ক্রিকেটের সবচেয়ে জমজমাট আসর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আইপিএল সারা বিশ্বের ক্রিকেটারদের আকর্ষণেরও কেন্দ্রবিন্দু। দুই দেশের বৈরিতার কারণে পাকিস্তানের খেলোয়াড়দের অংশগ্রহণ নেই সেখানে। তবে পাকিস্তানও তিন বছর হল পাকিস্তান সুপার লিগ নামে এরকম একটি লিগ চালু করেছে। সম্প্রতি সাফল্যের সাথেই পিএসএল-এর তৃতীয় আসর সম্পন্ন হয়েছে।

আফ্রিদির স্বপ্ন পিএসএল একদিন আইপিএল-এর চেয়ে বড় আসরে পরিণত হবে, ‘যদি তারা আমাকে ডাকতোও, আমি আপিএল খেলতে যেতাম না। আমার কাছে পিএসএলই বড় এবং কিছু দিনের মধ্যেই এটা আইপিএলকে পেছনে ফেলে দেবে। আমি পিএসএল উপভোগ করছি। আমার আইপিএল-এ যাওয়ার প্রয়োজন নেই। আমি কখনোই আইপিএল-এ যাওয়ার বিষয়ে আগ্রহী ছিলাম না।’