বরিশালের গৌরনদী উপজেলার পূর্ব ডুমুরিয়া গ্রামের জর্ডান প্রবাসী এক যুবতীকে (১৯) এক মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতিতা ওই নারী বাদী হয়ে গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

অভিযোগে ওই নারী উল্লেখ করেন, গত ৯ মাস আগে উপজেলার বার্থী গ্রামের বাবুল ফকিরের ছেলে শাহাদাত হোসেন ফকিরের সাথে মুঠোফোনের মাধ্যমে তার প্রেমের সম্পর্ক হয়। পরবর্তীতে সে (যুবতী) চাকরির জন্য জর্ডান যান। আড়াই মাস পরে গত জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে ফিরে আসেন। হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাড়ি ফেরার পথে ঢাকার একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করে শাহাদাত। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে শাহাদাত ফকির তাকে তার বাড়িতে নিয়ে এসে এক মাস আটকে রেখে ধর্ষণ করে।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আফজাল হোসেন জানান, এ ঘটনায় নির্যাতিতা বাদী হয়ে শাহাদাত হোসেন ফকির, তার বাবা বাবুল ফকির ও মা পেয়ারা বেগমকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।