প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন প্রসূতি। আর সে সময়ই তাঁর ওপর চড়াও হলেন ডাক্তার। লেবার রুমে গালিগালাজের পর প্রসূতিকে চড় কষিয়ে দিলেন ডাক্তার। এমনই অভিযোগ মেদিনীপুর মেডিক্যাল কলেজে। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কেশপুরের বাসিন্দা ওই প্রসূতি প্রসব যন্ত্রণা নিয়ে মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি হন। এরপরই তাঁকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়। যন্ত্রণায় ছটফট করতে থাকেন মহিলা। অভিযোগ, তখনই মেজাজ হারিয়ে তাঁকে চড় মারেন অভিযুক্ত চিকিত্সক।

ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরে অবশ্য কোতোয়ালি থানার পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রসূতির পরিবারের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। কেন এইভাবে অসহিষ্ণু হয়ে পড়লেন চিকিত্সক? এইভাবে যন্ত্রণায় কাতর এক প্রসূতিকে কীভাবে চড় মারতে পারলেন তিনি? এই সব নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।