নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসা কবির হোসেনের ডান পা কেটে ফেলতে হচ্ছে।তিনি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
সোমবার ভোরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুর নেওয়া হয় কবিরকে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ডা. সি জ্যাকের অধীনে তার চিকিৎসা চলছে। বাংলাদেশের চিকিৎসকরাও কবিরের ডান পা কেটে ফেলার সিদ্ধান্ত দিয়েছিলেন। তখন তার পরিবার ইচ্ছায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
এরপর সেখানকার চিকিৎসকরা তার ডান পা কেটে ফেলার সিদ্ধান্ত দিয়েছেন বলে জানান বাংলাদেশে তার চিকিৎসক ঢাকা মেডিকেলের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আবাসিক সার্জন ডা. হোসাইন ইমাম। এছাড়া তার বাম পায়ের অবস্থাও ভালো নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গত ১২ মার্চ কাঠমান্ডুতে ইউএস-বাংলার উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে ২৬ বাংলাদেশি মারা যান, আহত অবস্থায় বেঁচে যান কবিরসহ ১০ বাংলাদেশি। এই ১০ জনের মধ্যে সাতজনকে দেশে এনে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এছাড়া দুর্ঘটনায় আহত দুই বাংলাদেশি ইমরানা কবির হাসি ও রিজওয়ানুল কবিরও সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে রুয়েট শিক্ষক ইমরানার হাতেরও চারটি আঙুল কেটে ফেলতে হয়েছে।





