শুধু চার-ছক্কার হৈ-হুল্লোড় কিংবা অর্থের ঝনঝনানি নয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের অন্যতম উদ্দেশ্য ছিল স্থানীয় ক্রিকেটারদের ‘আন্তর্জাতিক’ সুযোগ-সুবিধা দিয়ে নতুন তারকার খোঁজ করা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

কিন্তু টুর্নামেন্টটির পাঁচ আসর অনুষ্ঠিত হলেও উল্লেখযোগ্য কোনো তারকা ক্রিকেটার পায়নি বাংলাদেশ। বিদেশি ক্রিকেটারদের বাড়াবাড়ি অংশগ্রহণে উদ্যোগটা আরও ঝিমিয়ে গেছে। তাই নতুন ভাবনা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। নতুন ধরনের টি-টোয়েন্টি টুর্নামেন্ট করতে যাচ্ছে তারা।

শনিবার এমন তথ্য জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি জানান, শুধু স্থানীয় ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হবে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

দেশের সেরা ক্রিকেটারদের নিয়ে এই আয়োজনের কথা আরও আগে ঘোষণা দিয়েছিলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি। উদ্যোগটি যে অতলে হারিয়ে যায়নি, তার প্রমাণ দিলেন আকরাম খান।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আকরাম বলেন, ‘আমাদের প্ল্যান আছে এবার আমরা টি-টোয়েন্টি ডমেস্টিকে (ঘরোয়া) করব। শুধু ডমেস্টিকের প্লেয়ারদের নিয়ে। তারপরে আমাদের বিপিএল আছে। যারা লঙ্গার ভার্সনে ভালো করে এবং ওযানডেতে ভালো করে তাদের টি-টোয়েন্টিতে ভালো করার কথা।’

টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে পারে বিপিএলের ষষ্ঠ আসরের আগেই। কীভাবে গড়াবে খেলাগুলো তারও একটা খসড়া পরিকল্পনা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

এ বিষয়ে আকরাম খান বলেন, ‘বাংলাদেশের সেরা ক্রিকেটারদের নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। দলগুলো বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) মতো হবে। যেমন চারটা দল ভাগ করে আমরা যে টুর্নামেন্ট করি, তেমন টুর্নামেন্ট করার ইচ্ছা মাথায় আছে এখন পর্যন্ত।’

বিপিএল থেকে উঠে আসা ক্রিকেটারদের মধ্যে অন্যতম তাসকিন আহমেদ, আবু হায়দার রনি। এ ছাড়া বয়সভিত্তিক ক্রিকেট থেকে এই বিপিএলে মাধ্যমেই আলোচনায় এসেছেন কাজী অনিক-আফিফ হোসেন ধ্রুবরা।

বিপিএলই একমাত্র ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট, যেখানে মূল একাদশে সর্বোচ্চ পাঁচজন বিদেশি ক্রিকেটার খেলে। অর্থাৎ, দেশি ক্রিকেটারদের সুযোগ পাওয়াটাই কঠিন হয়ে পড়ে। সবকিছু মাথায় রেখেই চার দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট করার উদ্যোগ নিচ্ছে বিসিবি।

আর যেহেতু আশরাফুলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট ও আন্তর্জাতিক ম্যাচ ছাড়া সকল খেলা থেকে নিষেধাজ্ঞা উঠে গেছে তাই সে এই টুর্নামেন্টে অংশ গ্রহন করতে পারবে। আশরাফুল বিপিএলে পারফর্ম করেই যেহেতু জাতীয় দলে ফিরতে চায় তাই বিপিএলে ভালো পারফর্ম করতে এই টুর্নামেন্টি তাকে আরো এগিয়ে নিয়ে যাবে। এটা অবশ্যই আশরাফুলের জন্য একটি ভালো সুযোগ তাকে প্রমান করার।