রাজধানীর ঐতিহাসিক সোহরাওযার্দী উদ্যানে আজ সকাল থেকে শুরু হয়েছে জাতীয় পার্টির মহাসমাবেশ। আজ সকাল ১১টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ৯টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে মিছিল নিয়ে প্রবেশ শুরু করে দলের নেতা কর্মীরা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

সকাল ১১টার মধ্যে উপচে পড়া ভিড় দেখা গেছে সমাবেশস্থলে। এরই মধ্যো কানায় কানায় ভরে উঠেছে সোহরাওয়ার্দী উদ্যান। উদ্যান ছাপিয়ে মানুষ ছড়িয়ে পড়েছে শাহবাগ, টিএসসি চত্বর, দোয়েল চত্বরেও।

ঢোল-তবলা, ব্যানারসহ ব্যাপক উৎসাহে তাদের সমাবেশে যোগ দিতে দেখা যায়।সমাবেশের মূল মঞ্চের পাশে আরেকটি পৃথক মঞ্চ থেকে দেশাত্মকবোধক ও দলীয় গান পরিবেশন করা হচ্ছে। সেখানে গান গেয়েছেন নকূল কুমার বিশ্বাসসহ অনেকে।

হুসেইন মুহম্মদ এরশাদের সভাপতিত্বে পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জিএম কাদেরসহ শীর্ষ নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন।এদিকে, মহাসমাবেশকে বর্ণাঢ্য করতে নেয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। শাহবাগ থেকে প্রেসক্লাব পর্যন্ত নানা রঙের ব্যানার-ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে। নগরীর প্রধান প্রধান সড়কে নির্মাণ করা হয়েছে একাধিক তোরণ।

ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তর ছাড়াও দোহার, নবাবগঞ্জ, নারায়ণগঞ্জ, সোনারগাঁ, নরসিংদী, সাভার, ধামরাই, কালীগঞ্জ, কেরানীগঞ্জ, মানিকগঞ্জসহ ঢাকার আশপাশের এলাকা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী মহাসমাবেশে অংশ নিচ্ছেন। এছাড়াও বরিশাল, রংপুর, সিলেট, চট্টগ্রামসহ দেশের প্রত্যস্ত অঞ্চল থেকে বাস, ট্রেন এবং লঞ্চে নেতাকর্মীরা মহাসমাবেশে যোগ দিতে ঢাকায় এসেছেন।