সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবেদীন সভাপতি ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত হয়েছেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেল ১০টি ও আওয়ামী লীগ সমর্থিতরা চারটি পদে বিজয়ী হয়েছেন। আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির মোট ১৪টি পদে ২১ ও ২২ মার্চ ভোটগ্রহণ করা হয়েছে।

এবারও নির্বাচিনে সভাপতি পদে ২ হাজার ৩৬৯ টি ভোট পেয়েছেন জয়নুল আবেদীন। একই পদে ২ হাজার ৩১৫ ভোট পেয়েছেন ইউসুফ হোসেন হুমায়ুন।

সম্পাদক পদে এ এম মাহবুব উদ্দিন খোকন ২ হাজার ৬১৬টি এবং তাঁর প্রতিদ্বন্দ্বী শেখ মো. মোরশেদ ২ হাজার ১৭৫টি ভোট পেয়েছেন।

প্রথম দিন দুই হাজার ৬০৯ এবং শেষ দিন দুই হাজার ২৫৬ আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৬ হাজার ১৫২ ভোটের মধ্যে ৪ হাজার ৮৬৫ আইনজীবী ভোট দিয়েছেন। গতকাল রাত থেকে ভোট গণনা শুরু হয়। শুক্রবার (২৩ মার্চ) সকালে নির্বাচন উপকমিটির আহ্বায়ক ফল ঘোষণা করেন।

সভাপতি একটি, সহসভাপতি দুটি, সম্পাদক একটি, কোষাধ্যক্ষ একটি, সহসম্পাদক দুটি; সদস্য সাতটি পদসহ মোট ১৪টি পদে এক বছর মেয়দের জন্য আইনজীবীরা এই নেতৃত্ব নির্বাচন করেন।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৪ মার্চ আইনজীবীদের সবচেয়ে মর্যাদাশীল সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০১৭-২০১৮ মেয়াদের নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত নীল প্যানেল সভাপতি পদে বিএনপির ভাইস চেয়ারম্যান আইনজীবী মো. জয়নুল আবেদীন এবং সম্পাদক পদে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জয়ী হন।

সমিতির এই গুরুত্বপূর্ণ দুটি পদসহ আটটি পদে জয় পায় বিএনপি ও জামায়াত-সমর্থিত আইনজীবীরা। অন্যদিকে সহসভাপতি, সহসম্পাদক, কোষাধ্যক্ষসহ মোট ছয়টি পদে জয়ী হন আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা।