রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগে ডিবি পুলিশের অভিযান চালানো বাসাটি নাম -পরিচয় গোপন করে ভাড়া নিয়েছিল হাসান নামে এক ব্যক্তি। সোমবার এই বাড়িতে ডিবি পুলিশের অভিযান পরিচালনায় সময় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ডিবির পরিদর্শক জালাল উদ্দিন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
জানা গেছে, গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযান চালানো বাসাটিতে অবস্থানকারী সন্দেহভাজন পলাতক এক সন্ত্রাসীর নাম হাসান। ওই নামেই পরিবারসহ ভাড়া নিলেও এটি তার আসল পরিচয় নয় বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।
সোমবার (১৯ মার্চ) দিনগত রাতে মধ্য পীরেরবাগের ১০৫/এ/১ নম্বর বাড়ির তৃতীয়তলায় অভিযান চালান ডিবি সদস্যরা। অভিযানকালে সন্ত্রাসীদের গুলিতে মারা যান ডিবির পরিদর্শক জালাল উদ্দিন। তবে ঘটনাস্থল থেকে সন্দেহভাজন তিন সন্ত্রাসী পালিয়ে যায়।
জানা যায়, তৃতীয় তলার ছাদে তিনটি কক্ষ রয়েছে। এর মধ্যে একটি কক্ষে হাসান নামে একজন তার স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন। বাড়িটির মালিক হেলাল উদ্দিন ও তার স্ত্রী লাভলী বেগম মারা গেছেন। তাদের একমাত্র মেয়ে শারমিন পাশেই অন্য একটি বাসায় থাকেন। বাসাটি বর্তমানে দেখাশোনা করেন শারমিনের মামা মিঠু মিয়া।
মিঠু মিয়া বলেন, বাড়িভাড়ার জন্য যে জন্ম নিবন্ধন কার্ড দিয়েছিলেন সেখানে তার নাম হাসান বলেই উল্লেখ ছিল। হাসানের সঙ্গে মাত্র একবার দেখা হয়। তখন তিনি জানান, গাজীপুরের কাশিমপুরে নষ্ট টেলিভিশনের ব্যবসা করেন।
পুলিশ জানায়, এদিকে ঘটনার তদন্ত সংশ্লিষ্ট এক ডিবি সদস্য জানান, যে নাম-পরিচয় ব্যবহার করা হয়েছে তার সব ভুয়া। মাসখানেক আগে পীরেরবাগ এলাকার পরিদর্শক জালাল উদ্দিন যে বাড়িতে অবস্থান করছিলেন সে বাড়ি থেকে দুই সার্জেন্টের সরকারি অস্ত্র খোয়া যায়। সেই অস্ত্র উদ্ধারে তদন্তের সূত্র ধরে সোমবার রাতে এ অভিযান চালানো হয়।
তিনি জানান, পরিদর্শক জালাল উদ্দিন বাসার কার্নিশ দিয়ে উপরে ওঠার চেষ্টা করছিলেন। তখন তাকে লক্ষ্য করে প্রথমে ইট ছোড়া হয়। পরে গুলি চালালে জালাল উদ্দিন মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। রাত ২টার দিকে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ জানায়, অন্তত তিনজন সন্ত্রাসী ওই বাসায় অবস্থান করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়তে ছুড়তে বাসার পেছনের বেলকনি বেয়ে তারা পালিয়ে যান। তবে ওই বাসায় কোনো অস্ত্র বা বিস্ফোরক পাওয়া যায়নি।
এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাসানের পাশের কক্ষের বাসিন্দা নজরুল, হাসানের স্ত্রীসহ কয়েকজনকে আটক করা হয়েছে।
পলাতক সন্ত্রাসীদের ধরতে ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন ডিবির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) জসীম উদ্দিন।





