আগামী ১ এপ্রিল থেকে দেশে প্রথমবারের মতো সবার জন্য বিনামূল্যে অনলাইনে মানসিক সাপোর্ট ও তথ্যসেবা চালু করতে যাচ্ছে ড্রিম সাইকোলজি। এর মাধ্যমে সবাই ২৪ ঘন্টা অনলাইন মাধ্যমে যোগাযোগ করে তাদের মানসিক সমস্যা সম্পর্কে জানাতে পারবেন এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারবেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
এ জন্য কোন ফি পরিশোধ করতে হবে না। রবিবার দুপুরে ঢাকা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
‘সবার জন্য সাইকোলজিক্যাল জ্ঞান, মানসিক সাপোর্ট এবং তথ্য সেবা’। এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে মানসিকভাবে সুস্থ, সচেতন এবং সুন্দর একটি মানবিক সমাজ গঠনের জন্য কাজ করে ড্রিম সাইকোলজি। লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও পরিচালক সজীবুল ইসলাম বলেন, ‘ড্রিম সাইকোলজির শুরুর দিকে অল্প পরিসরে মানসিক সাপোর্ট ও তথ্য সেবা দেয়া হতো।
কিন্তু দিন দিন এই সেবার চাহিদা বৃদ্ধি পেতে থাকে। তাই ক্রমবর্ধমান এই চাহিদা পূরণে প্রয়োজনীয় স্বেচ্ছাসেবক বৃদ্ধির বিষয়টিও সামনে চলে আসে। তথ্য সেবা নিতে আগ্রহীদের সহায়তার জন্য প্রাথমিকভাবে ড্রিম সাইকোলজির ২৫ স্বেচ্ছাসেবককে কারিগরি প্রশিক্ষণ দিচ্ছে ঢাকা বিশ^বিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের নাসিরুল্লাহ সাইকোথেরাপি ইউনিট। সাধারণ মানুষ ও মেন্টাল হেলথ প্রফেশনালদের মাঝে ড্রিম সাইকোলজির স্বেচ্ছাসেবকরা সেতুবন্ধন হিসেবে কাজ করবেন।
তিনি আরও বলেন, এই কার্যক্রমের মাধ্যমে সাইকোলজি নিয়ে সঠিক ও যথার্থ তথ্য মানুষের কাছে পৌঁছে যাবে। এতে করে মানসিক অশান্তি, যন্ত্রণা, হতাশা, চাপ, উদ্বেগ, হীনমন্যতা বা অন্যান্য মানসিক জটিলতায় মানুষ মুক্তির উপায় হিসেবে আত্মহত্যা বা ক্ষতিকর পথ বেছে না নিয়ে বরং প্রফেশনালদের কাছে যেতে উদ্বুদ্ধ হবে। এরপাশাপাশি আগ্রহী ব্যক্তিরা চাইলে সরাসরি বিশেষজ্ঞদের সঙ্গেও দেখাও করতে পারবেন।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ম-লীর সদস্য জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সোশ্যাল এন্ড কমিউনিটি সাইকিয়াট্রি বিভাগের প্রধান অধ্যাপক তাজুল ইসলাম, একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের জিএম মোস্তাফিজুর রহমান, সহ-প্রতিষ্ঠাতা ইব্রাহীম মল্লিক সুজন, জোনায়েদ রাব্বি পিয়াস প্রমুখ।
জাতীয় মানসিক স্বাস্থ্য ইন্সটিটিউটের সোশ্যাল এন্ড কমিউনিটি সাইকিয়াট্রি বিভাগের প্রধান অধ্যাপক তাজুল ইসলাম বলেন, ড্রিম সাইকোলজির সঙ্গে এক ঝাঁক তরুণ প্রাণ যুক্ত রয়েছেন যারা নিরলসভাবে মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বিষয়টির গুরুত্ব অনুধাবন করে আমি প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করি। সমাজের এমন ভাল উদ্যোগ সম্পর্কে মানুষের জানা উচিত। ড্রিম সাইকোলজির পাঠক, অনলাইন দর্শক এবং শুভাকািক্সক্ষদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদেরকে সহায়তা করতে আমরা সব সময় আপনাদের পাশে আছি। আমরা মনে প্রাণে বিশ^াস করি একদিন এদেশের অধিকাংশ মানুষ মানসিকভাবে ও শারীরিকভাবে সুস্থ হয়ে সুন্দরভাবে জীবন যাপন করবেন।
একটি মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানের জিএম মোস্তাফিজুর রহমান বলেন, দেশে এটি প্রথমবারের মতো অনলাইনে ২৪ ঘন্টা ফ্রি মানসিক সাপোর্ট ও তথ্যসেবা, বিষয়টি নিঃসন্দেহে খুবই ইতিবাচক এবং মানুষের জন্য কল্যাণকর ফল বয়ে আনবে।
ড্রিম সাইকোলজি টিমের মানুষের প্রতি কাজ করার যে মনোভাব সেটি খুবই আশাব্যঞ্জক। ভবিষ্যতে আমরা এরকম আরও অনেক কাজ শুরু করবো যা মানুষকে সহায়তা করবে।
মানুষের মানসিক স্বাস্থ্য, জ্ঞান ও সেবা নিয়ে কাজ করে ড্রিম সাইকোলজি। মানসিকভাবে সুস্থ ও সুন্দর একটি সচেতন মানবিক সমাজ প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য। ২০১৬ সালের মে মাসে স্বল্প পরিসরে বিশ^বিদ্যালয়ের কয়েকজন তরুণ শিক্ষার্থীর হাতে জন্ম নেয় প্রতিষ্ঠানটি। ফেসবুক, ইউটিউব এবং ওয়েবসাইটের মাধ্যমে চলতে থাকে স্বেচ্ছাসেবি এই সেবা প্রদান কার্যক্রম। উদ্ভাবকের খোঁজে রিয়্যালিটি শোর প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটি ২৫তম সেরা উদ্ভাবন হিসেবে স্বীকৃতি পায়। এরপর আরও দ্রুত গতিতে বাড়তে থাকে সেবাগ্রাহী মানুষের সংখ্যা।





