নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, প্রশ্নপ্রত্র ফাঁস ও নকলের বিরুদ্ধে লাল কার্ড দেখায় প্রায় দেড় হাজার শিক্ষার্থী। এ সময় সত্যবাদিতা, মানবতা ও দেশপ্রেমকে সবুজ কার্ড দেখায় শিক্ষার্থীরা। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এ সময় নিয়মিত পড়াশোনা করে নিজেকে আদর্শ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছরের আগে বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ারও শপথগ্রহণ করে।

বৃহস্পতিবার কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে শিক্ষার্থীরা এ কর্মসূচী পালন করে। শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল–সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে এ সমাবেশ ও শপথ পাঠের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে কিশোরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজুল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের শপথ পাঠ করান।

এ সময় উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমিক সুপারভাইজার হাবিবুল্লাহ, লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল, জেলা শাখার সহ-সভাপতি আসাদুজ্জামান পিয়াল, জেলা শাখার প্রতিনিধি মোরসালিন হাসান মিম, সদস্য আরিফ শাহরিয়ার সিয়াম, সাকিব আদনান নিলয়, সাজিদ, বিদ্যালয়ের শিক্ষক ও সাংবাদিক প্রমুখ বক্তব্য রাখেন। পরে অনুষ্ঠান শেষে লাল সবুজ উন্নয়ন সংঘ নীলফামারী জেলা শাখার কার্যক্রম ফিতা কেটে উদ্বোধন করা হয়।