নেপালের কাঠমান্ডুতে দুর্ঘটনায় পড়ে অর্ধশত মানুষ নিহত হওয়ার পর কাঠমান্ডু রুটে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট চলাচল বন্ধ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

বুধবার সংস্থাটির কার্যালয়ে সাংবাদিকদের একথা জানান ইউএস-বাংলার জনসংযোগ বিভাগের মহাব্যস্থাপক (জিএম) কামরুল ইসলাম

ইউএস-বাংলার বিএস-২১১ ফ্লাইটটি গত সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে অবতরণের সময় বিধ্বস্ত হয়ে অর্ধশত নিহত হন। বিমানের পাইলটসহ চার কেবিন ক্রুর সবাই নিহত হন এই দুর্ঘটনায়। কামরুল বলেন, ঢাকা-কাঠমান্ডু-ঢাকা রুটে আমাদের ফ্লাইট পরিচালনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে।

এই দুর্ঘটনার পর দৃশ্যত উড়োজাহাজ সঙ্কটে পড়তে হয়েছে ইউএস-বাংলাকে। কেননা কানাডার বোম্বারডিয়ার কোম্পানির তৈরি যে ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়, সেদিন কাঠমান্ডুতে রওনা হওয়ার আগে অভ্যন্তরীণ দুটি ফ্লাইট চালানো হয়েছিল এটি দিয়ে।

কাঠমান্ডু ফ্লাইট আপাতত বন্ধ রাখলেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটগুলোতে ইউএস-বাংলার ফ্লাইটগুলো স্বাভাবিকভাবেই চলছে বলে জানান কামরুল। চার বছর আগে যাত্রা শুরু করা বিমান সংস্থাটি অভ্যন্তরীণ রুটের পাশাপাশি কলকাতা, সিঙ্গাপুর, ব্যাংকক, কুয়ালালামপুর, মাসকাট, দোহা রুটে ফ্লাইট পরিচালনা করে।