শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দারুণ এক জয়ে নিদাহাস ট্রফি জুড়ে এখন আলোচনার বিষয় ‘বাংলাদেশি ব্র্যান্ড’। শ্রীলঙ্কাকে বাংলাদেশি ব্র্যান্ডের ক্রিকেট খেলেই হারিয়েছে মাহমুদউল্লাহর দল, এটা দু’দিনের পুরোনো কথা। নতুন কথা হলো এই বাংলাদেশি ব্র্যান্ডকে প্রতিষ্ঠত করার একটা প্রকাশ্য ঘোষণাই দিয়েছেন মাহমুদউল্লাহ। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আর সেটি প্রতিষ্ঠিত করার মিশনে বাংলাদেশের সামনে এবার ভারত। বুধবার যাদের বিপক্ষে ম্যাচ। রোহিত শর্মাদের বিপক্ষে মাঠে নামার আগে টাইগারদের ভাবনায় শুধুই ভারতীয় বোলিং।
ভারতের বিপক্ষে ৬ উইকেটে হার দিয়েই নিদাহাস ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে বাজে সময় পার করার পর এই সিরিজেও হারে শুরু টাইগারদের। তবে বাংলাদেশের ভাবনায় শুরু থেকেই ছিল ফাইনাল। মঙ্গলবার সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ সেই স্বপ্নের কথাই বললেন আরেকবার, ‘আমরা এই সফরে আসার আগেই আমাদের মনের মধ্যে গেঁথে নিয়েছিলাম যে আমরা ফাইনালে খেলবো।
লক্ষ্য সব সময় জয়। শেষ ম্যাচে জয়ের পর অনেক কিছু করে ফেলেছি এমন নয়, আমরা আমাদের পা মাটিতেই রাখছি। আমাদের টি-টুয়েন্টি স্কিল নিয়ে অনেক প্রশ্ন ছিল। আমি আশা করি আমরা তা দূর করতে পারবো ভালোভাবে। আমরা ক্রিকেটে ‘বাংলাদেশি ব্যান্ড’ প্রতিষ্ঠিত করতে চাই।’
সেই ব্র্যান্ডের ক্রিকেট খেলে ভারতের বিপক্ষে জয় তুলে নিতে পারলে তো সোনায় সোহাগা। কিন্তু টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম শিরোপা জয়ীরা তো টুর্নামেন্টের ফেভারিট। শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু করলেও বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় দেখায় ঠিকই জয় তুলে নিয়েছে তারা।
বুধবার প্রেমাদাসা স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচ। হারলে প্রতিপক্ষ ফাইনালে। আর জিতলে নিজেরাই এক পা দিয়ে রাখবে ফাইনালে। ফাইনালিস্ট নির্ধারিত হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা শেষ ম্যাচে। মঙ্গলবার মাহমুদউল্লাহর কথায় ফুটে উঠলো ভারতের বোলিং নিয়ে ভাবনাটা, ‘ভারতীয় বোলাররা তাদের বলের গতিতে তারতম্য এনেছে, বিশেষ করে পেসাররা। তারা যখন ধীরে বল করছে টার্ন আদায় করে নিচ্ছে। পেসাররা গতির তারতম্য ঘটাচ্ছে। আমাদের এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে।’
শারদুল ঠাকুররা শ্রীলঙ্কার বিপক্ষে বোলিংটা ভালো করেছেন। ব্যাটসম্যানদের আসরে তাই বাংলাদেশকে প্রতিপক্ষের বোলিং নিয়ে একটু বেশি ভাবতে হচ্ছে এবার। প্রথম ম্যাচে এই ভারতের বিপক্ষে বাংলাদেশের হারটা ছিল ৬ উইকেটের। তবে শ্রীলঙ্কার বিপক্ষে রেকর্ডগড়া জয় তুলে নেওয়ার পর এখন ভারতকেও ২০ ওভারের ক্রিকেটে প্রথমবার হারাতে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ।





