বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন পাওয়ার পর সোমবার এক বিবৃতিতে স্বাধীন বিচার বিভাগের গুরুত্ব উপলব্ধি করার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠতম আইনজীবী ড. কামাল হোসেন। আরেক বিবৃতিতে খালেদা জিয়ার জামিনে সন্তোষ প্রকাশ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।
ড. কামাল হোসেন তার বিবৃতিতে বলেন, ‘অদ্য হাইকোর্ট থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন মঞ্জুর হয়েছে। এই ধরণের মামলায় এটা নিয়মিত হওয়ার দরকার। যদিও এই মামলায় অর্ডার পেতে কয়েকদিন বিলম্বিত হয়েছে।’
তিনি বলেন, ‘আইনের শাসনে, আইনের নিরপেক্ষ প্রয়োগ করে স্বাধীন বিচার বিভাগ। স্বাধীন বিচার বিভাগের গুরুত্ব সকলকে উপলব্ধি করতে হবে। ফলে দেশ ও জনগণ উপকৃত হবে।’
উল্লেখ্য, খালেদা জিয়া কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করলে গত ২৭ ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও খালেদা জিয়ার আইনজীবী আবদুর রেজাক খান মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বার যান।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এক বিবৃতিতে খালেদা জিয়ার জামিন প্রাপ্তিতে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় মহামান্য হাইকোর্ট বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জামিন প্রদান করায় স্বস্তি প্রকাশ করেছি। একই সঙ্গে বেগম খালেদা জিয়া ও উচ্চ আদালতে আমি অভিনন্দন জানাচ্ছি।’
বিবৃতিতে তিনি আরো বলেন, ‘বেগম জিয়াকে এই জামিন প্রদানের মাধ্যমে উচ্চ আদালতের প্রতি জনমনে আস্থা বৃদ্ধি পাবে বলে আমি মনে করি।’ আদালতকে ‘স্বাধীনভাবে’ কাজ করার জন্য সরকারের প্রতি দাবিও জানান কাদের সিদ্দিকী।





