গাজীপুরে হাত-পা বাঁধা অবস্থায় ইটভাটা মালিক সদু মন্ডলের (৫৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সদু মন্ডলস্থানীয় কলিম উদ্দিনের ছেলে ও মা ব্রিকসের অংশীদার।
মহানগরীর কোনাবাড়ির বাঘিয়া এলাকায় শনিবার দিবাগত রাতে হত্যা কান্ডের এ ঘটনা ঘটেছে।
নিহতের পরিবার জানায়, শনিবার দুপুর ১২টার দিকে সদু মন্ডলের সাথে পরিবারের কথা হয়। এরপর আর কোন যোগাযোগ হয়নি। রবিবার সকালে বাঘিয়া উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ পাশে গর্তে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন।
স্থানীয় কাউন্সিলর মো. আজহারুল ইসলাম মোল্লা জানান, সকালে এলাকাবাসী সদু মন্ডলের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিয়েছে। নিহতের হাত-পা ও গলা রশি দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর মরদেহ ওই গর্তে ফেলে পালিয়ে গেছে।
জয়দেবপুর থানাধীন কোনাবাড়ী পুলিশ শিবিরের পরির্দশক মো. মোবারক হোসেন জানায়, নিহতের হাত-পা বাঁধা ছিল এবং মাথায় আঘাতের দাগ রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।





