চট্টগ্রামে ৮ বছরের এক মাদরাসা শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ, বলাৎকারে বাধা দেয়ায় তাকে পাথরের আঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ইমন নামে এক রিকশা চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার নগরীর পতেঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্বজনরা জানান, বিকেলে আইসক্রিম খাওয়ানোর কথা বলে শিশু সোহাগকে ডেকে নেয় একই এলাকার রিকশা চালক ইমন। এরপর থেকে নিখোঁজ ছিলো সোহাগ।

একপর্যায়ে পরিত্যক্ত একটি বাসা থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। তার মাথায় পাথর দিয়ে আঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় অভিযুক্ত ইমনকে আটক করেছে পুলিশ।

নিহতের বাবা জানান রিক্সা জমা দেয়ার পর খুঁজছিলাম, কোথাও খুঁজে পাই না শেষে একটা খবর শুনলাম যে একটা ছেলে মারা গেছে, তারপর দেখি ওটা আমার ছেলে, তাকে ইট মেরে এবং পাড়া দিয়ে মারা হয়েছে।

পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া বলেন, আটককৃত ব্যক্তি সব ঘটনা স্বীকার করেছে, সে বলাৎকার করার চেষ্টা করে, বাচ্চাটি প্রতিবাদ করতে গেলে তাকে ইট দিয়ে আঘাত করে হত্যা করে সে।