ভারতকে বাঁচাতে দেশ থেকে বিজেপিকে হটানোর উদাত্ত আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের প্রভাবশালী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজধানী কোলকাতায় নারী দিবসের এক অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘দু’হাজার উনিশ, বিজেপি হবে ফিনিশ।’

দেশকে বাঁচাতে বিজেপিকে বিদায়ের আহ্বান জানিয়ে মমতা বলেন, ‘শুধু বাংলা নয়, গোটা ভারতের মা-বোনেদের কাছে আবেদন জানাতে চাই, দেশ বাঁচাতে চাইলে বিজেপিকে হটাতে হবে। সংসার বাঁচাতে চাইলে তাহলে বিজেপিকে হঠান। সমাজ বাঁচাতে চাইলেও বিজেপিকে হঠাতে হবে। এরা কেবল বিপদই ডেকে আনবে। দেশের কোনো ভবিষ্যৎ থাকবে না। ছেলে-মেয়েদেরও ভবিষ্যৎ ভালো হবে না।’

ধর্মের আগুন জ্বালিয়ে দেশ চলে না উল্লেখ করে জনপ্রিয় এই নেত্রী বলেন, ‘শুধু হিন্দু আর মুসলমান করলেই দেশ চলে না। আগুন জ্বালিয়ে দিলে দেশ চলতে পারে না। নারী দিবসে মা-বোনদের বলছি আপনারা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যান।’

মমতা বলেন, ’বাংলায় সাম্প্রদায়িকতার স্থান নেই। সমাবেশ মঞ্চে স্লোগান তুলেন, ‘মহিলারা দিচ্ছে ডাক, বিজেপি চলে যাক।’ বিজেপি বিদায় নিক, বাংলার মানুষ বেঁচে যাক। দু’হাজার উনিশ, বিজেপি হবে ফিনিশ।’

বাংলার মাটি সবসময় লড়াই করেছে, ভবিষ্যতেও করবে। দেশের যেকোন আন্দোলনে নেতৃত্ব দিয়েছে এই বাংলা। বাংলা নেতৃত্ব দিয়ে পিছনে থাকবে, সামনে যাবে না কিন্তু বিজেপিকে আমরা বিসর্জন দেবোই’ মন্তব্য করেন মমতা।

বিজেপিকে উদ্দেশ্য করে পশ্চিমবঙ্গের এই নেত্রী বলেন, ‘বাংলাকে চিনতে এসো না। হাড়ে হাড়ে টের পাবে। আমরা জানি তোমাদের টার্গেট বাংলা। আর এই বাংলার টার্গেট লালকেল্লা। বাংলা জয় করা সহজ নয় কিন্তু দিল্লি জয় করে দেখিয়ে দেবো।’