রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া বাজারে সড়কের উপর সন্তান প্রসব করেছে এক নারী।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বালিয়াকান্দি-পাংশা সড়কের নারুয়া বাজারে সড়কের উপর ঘটনাটি ঘটেছে ।
স্থানীয়রা জানান, মানসিক প্রতিবন্ধী এক নারী (৩৩) প্রায় এক মাস ধরে নারুয়া বাজারে ঘোরাঘুরি করছিল। রাতের বেলায় ফারুক হোসেনের বন্ধ স’মিল ঘরে থাকতো। কিন্তু কেউ বুঝতে পারেনি সে অন্তঃসত্ত্বা। আজ দুপুর ২টার দিকে বালিয়াকান্দি-পাংশা সড়কের নারুয়া বাজারে সড়কের উপর একটি পুত্রসন্তান প্রসব করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। তখনও পাগলী যন্ত্রণায় কাতরাচ্ছিল। স্থানীয় লোকজনের সহায়তায় দুইজন মহিলাসহ লোকজন দিয়ে তাকে ও নবজাতককে দ্রুত উদ্ধার করে প্রথমে নারুয়া উপ-স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। সেখানে গেলে তাকে বালিয়াকান্দি হাসপাতালে পাঠায়। ওই নারী ও তার নবজাতককে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নারুয়া ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুস সালাম মাস্টার জানান, ‘ওই মানসিক প্রতিবন্ধী নারীর সন্তান প্রসবের বিষয়টি জানতে পেরে তাকে ও তার সন্তানকে দ্রুত হাসপাতালে ভর্তিসহ চিকিৎসা নিশ্চিত করার ব্যবস্থা করেছি।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল্লাহ আল মুরাদ জানান, ওই নারী নারী ও তার ছেলের সকল প্রকার চিকিৎসার ব্যবস্থা বালিয়াকান্দি হাসপাতাল থেকে করা হচ্ছে।





