ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে কলম্বোর উইকেট হতে পারে সামান্য পেসবান্ধব। থাকতে পারে হালকা সুইং ও মুভমেন্ট। ফলে পেস আক্রমণে দেখা যেতে পারে তিনজনকে। ভারতের বিপক্ষে দেশের মাঠে নামছে ওরা ১১ জন!

কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের সঙ্গে থাকতে পারেন রুবেল হোসেন ও তাসকিন আহমেদ। প্রস্তুতি ম্যাচেও ভালো করেছেন রুবেল-তাসকিন। প্রত্যেকে নিয়েছেন দুটি করে উইকেট।

সৌম্য রান না পেলেও ওপেনিংয়ে তামিমের সঙ্গী হিসেবে দেখা যেতে পারে তাকেই। হোম গ্রাউন্ডে শ্রীলংকার বিপক্ষে তুলনামূলক ভালো খেলায় তার ওপরই ভরসা রাখতে পারে টিম ম্যানেজমেন্ট।

আসল লড়াইটা হবে ওয়ানডাউন নিয়ে। প্রস্তুতি ম্যাচে ওপেন করলেও ৪০ রান করে এ স্থানে খেলার দাবি জোরালো করেছেন লিটন। ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্সও তার পক্ষে সাফাই গাইছে। এতে ছিটকে যেতে পারেন সাব্বির। তবে কৌশলগত কারণে দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় ভুগতে থাকা এ হার্ডহিটারকেও একাদশে দেখা যেতে পারে।

এর পর ব্যাট হাতে নামবেন মুশফিক ও মাহমুদউল্লাহ। ছয়ে দলের অটোমেটিক চয়েস হতে পারে আরিফুল হক। রান বাড়িয়ে তোলা বা ফিনিশিং টাচের জন্য জায়গা পেতে পারেন তিনি। তার পরে গুরুদায়িত্বটা পালন করতে দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজকে।

বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস/সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।