সৌদি আরবের আল বাহা প্রদেশের গভর্নর প্রিন্স হুসাম বিন সউদ বিন আব্দুল আজিজের সাথে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ এক বৈঠকে মিলিত হয়েছেন।

বুধবার অনুষ্ঠিত এ বৈঠকে বাহা প্রদেশের গভর্নর বাংলাদেশি শ্রমিকদের জন্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

গভর্নর প্রিন্স হুসাম বিন সউদ বিন আব্দুল আজিজ বাংলাদেশি শ্রমিকদের দক্ষতা ও কাজের প্রতি আন্তরিকতার প্রশংসা করেন। বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে ও এ সময় আলোচনা হয়। বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত ইকোনমিক কাউন্সেলর আবুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, “বাংলাদেশ সব সময় সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সৌদি আরবের সাথে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে আগামী দিনে দুই দেশের লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ।”

রাষ্ট্রদূত গোলাম মসীহ এ সময় বাংলাদেশ থেকে চিকিৎসক, প্রকৌশলীসহ আরও দক্ষ, আধা দক্ষ শ্রমিক নিয়োগ দেওয়ার অনুরোধ জানান।