সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে সরকারপন্থী আইনজীবীদের (সাদা) প্যানেল একটি হলেও পাল্টাপাল্টি দুটি প্যানেল ঘোষণা করেছে বিএনপি-জামায়াতপন্থীরা (নীল)।

১৮ ঘণ্টার ব্যবধানে প্যানেল দুটি ঘোষণা করেন বিএনপিপন্থী আইনজীবীদের দুই অংশ। এর মধ্যে প্রথম প্যানেল ঘোষণার পর আজ সকালের দিকে দুই অংশের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এরপর বিকেলের দিকে আরেকটি প্যানেল ঘোষণা করে অপর অংশ।

বর্তমান সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীনকে সভাপতি প্রার্থী এবং বর্তমান সম্পাদক ও বিএনপির যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকনকে সম্পাদক প্রার্থী হিসেবে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল ঘোষণা করা হয় গত রাতে।

প্যানেলের অন্য প্রার্থীরা হলেন দুজন সহ-সভাপতি আব্দুল জব্বার ভুইয়া ও এমডি গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ নাসরিন আক্তার, সহ-সম্পাদক কাজী জয়নুল আবেদীন, আনজুমানারা বেগম মুন্নী, সদস্য সাইফুর আলম মাহমুদ, জাহাঙ্গীর জমাদ্দার, এমদাদুল হক, মাহফুজ বিন ইউসুফ, সৈয়দা শাহীনারা লাইলী ও নাসরিন খন্দকার শিল্পী। সাতটির মধ্যে সদস্য পদের একটি নাম ঘোষণা করা হয়নি।
এদিকে, আজ মঙ্গলবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকারকে সভাপতি ও এবিএম রফিকুল হক তালুকদার রাজাকে সম্পাদক প্রার্থী করে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের নামে আরেকটি প্যানেল ঘোষণা করা হয়। প্যানেলের অন্য প্রার্থীরা হলেন- দুই সহ-সভাপতি মো. গোলাম রহমান ভূইয়া ও মুহাম্মদ মোসলেম উদ্দিন, কোষাধ্যক্ষ আয়ুব আলী আসরাফী, দুই সহ-সম্পাদক শরীফ ইউ আহমেদ ও মো. আবু হানিফ, সদস্য পদে মোহাম্মদ নাজমুল হাসান, মো. মমিন উল্লাহ পাটোয়ারী, সাবিনা ইয়াসমিন লিপি, মো. সাফিউর রহমান, মো. ইকবাল হোসেন, মো. আকবর হোসেন ও আব্দুস সামাদ।

এবিএম রফিকুল হক তালুকদার রাজা পাল্টা কমিটি ঘোষণার বিষয়ে সাংবাদিকদের বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তির জন্য যারা আন্দোলন করে যাচ্ছেন, যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, তাদের বাদ দিয়ে নিজেদের পছন্দের ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে। প্রতি বছরই একই ব্যক্তিদেরকে প্রার্থী করা হচ্ছে। এতে বিএনপিপন্থী ও সাধারণ আইনজীবীদের মধ্যে ক্ষোভ বেড়েছে। ক্ষোভের প্রতিফলন আমাদের এই প্যানেল।’
ইতেমধ্যেই এই নির্বাচনে ইউসুফ হোসেন হুমায়ুনকে সভাপতি ও এসকে মোরশেদকে সম্পাদক প্রার্থী করে আওয়ামীপন্থী আইনজীবীদের একক প্যানেল ঘোষণা করা হয়েছে।

প্যানেলের অন্যরা হলেন- দুই সহসভাপতি আলালউদ্দীন ও মোহাম্মদ শামসুর রহমান, ট্রেজারার মোহাম্মদ ইকবাল করিম, সহসম্পাদক মোহাম্মদ আবদুর রাজ্জাক ও ইয়াদিয়া জামান, সদস্য আশরাফুল হাদী, হুমায়ুন কবির, চঞ্চল কুমার বিশ্বাস, শাহানা পারভীন, রুহুল আমিন তুহিন, শেখ মোহাম্মদ মাজু মিয়া, মোহাম্মদ মুজিবর রহমান সম্রাট।
প্রসঙ্গত, আগামী ২১-২২ মার্চ দুই দিনব্যাপী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।