নাইটদের নতুন অধিনায়কের নতুন সফরের জন্য শুভেচ্ছা বার্তা পাঠালেন কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্বত্বাধিকারী শাহরুখ খান। সোমবার টুইটে নতুন নেতা দীনেশ কার্তিকে উদ্দেশ করে কিং খান লেখেন, ‘কেকেআরের নতুন দায়িত্বে তোমাকে স্বাগত জানাই। আগামী দিনগুলোর জন্য অনেক শুভেচ্ছা রইল, আশা করি অন্য অধিনায়কদের মতো কার্তিকও সফল হবে।’

রবিবারই কলকাতাই ফ্যাঞ্চাইজি তাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করে৷নেতা বাছার ক্ষেত্রে অবশ্য নাইটদের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলির সঙ্গে মতের পার্থক্য দেখা গেল শাহরুখের। আইপিএল সম্প্রচারকারী চ্যানেলের এক ভিডিও বার্তায় নাইটদের নেতা হিসেবে উথাপ্পাকেই এগিয়ে রেখেছিলেন প্রিন্স অফ ক্যালকাটা৷নাইট থিঙ্কট্যাঙ্ক অবশ্য দীনেশ কার্তিককে অধিনায়ক হিসেবে নতুন দায়িত্বে নিয়োগ করেছে। সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছেন উথাপ্পা।

গৌতম গম্ভীর নাইট শিবির ছেড়ে চলতি বছরে দিল্লি ফ্যাঞ্চাজির হয়ে খেলার সিদ্ধান্ত নেন, সেই কারণেই রাইট টু ম্যাচ কার্ডে তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কলকাতার ফ্যাঞ্চাইজি। এরপরই গম্ভীরের উত্তরসূরি খোঁজা নিয়েও ভারতীয় ক্রিকেটমহলের জল্পনা শুরু হয়। ক্রিস লিনকে অধিনায়ক করার সম্ভবনা প্রবল থাকলেও শেষ পর্যন্ত তার সাম্প্রিতক সময়ে পাওয়া চোটের কথা মাথায় রেখে বিকল্প নেতার কথা পরিকল্পনা করে কেকেআর ম্যানেজমেন্ট। শেষ পর্যন্ত দীনেশ কার্তিককে সেই দায়িত্ব দেওয়া হয়।

বিপরীত চরিত্রের হলেও নেতা বিরাটকেই প্রথপদর্শক হিসেবে দেখছেন বলে জানিয়েছেন দীনেশ। আক্রমণাত্মক বিরাট প্রসঙ্গে রক্ষণাত্মক কার্তিক বলেন, ‘বিরাট সামনে থেকে দলকে নেতৃত্ব দেয়। নিজে পারফরম্যান্স করে অন্যদের সামনে উদারণ সৃষ্টি করে। সেরকমটাই করতে চাই। ’ ২০১৮ আইপিএল-এ প্রথম ম্যাচেই সেই বিরাটের বিরুদ্ধে নামবেন কার্তিক। ৮ এপ্রিল ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে একাদশ আইপিএল-এ অভিযান শুরু করবে কলকাতা নাইটরাইডার্স।