সৌদি আরবে নির্যাতনের শিকার ২৩ নারী গৃহকর্মী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে দেশে ফিরে এসেছে। সোমবার বিকেল সাড়ে চারটায় সৌদি আরব থেকে ঢাকা এসে পৌঁছায় তারা। এর আগে বিভিন্ন সময়ে গৃহকর্মী হিসেবে কাজ করতে সৌদি আরব যান তারা।
কর্মস্থলে বিভিন্ন নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করে এসব নারী। পরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত আনা হয়।
হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাদেরকে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়। তাদের খাবার দাবার না দেয়া, বেতন কম দেয়া ও মারধর করা হতো বলে অভিযোগ করে দেশে ফিরে আসা এসব নারী।
ফিরে আসা এক নারী বলেন, ‘আমি ম্যাডামকে বলেছিলাম, কেন আমাকে এত নির্যাতন করো? আমি ভাষা বুঝি, রাত দিন কাজ করি। মাত্র দুই ঘন্টা ঘুমাতে দাও। তারপরেও মারধর করো কেন?’
অপর একজন বলেন, ‘শুধু মারধর করতো। খেতে দিতো না ঠিকমতো। এছাড়া আমাকে আর কোন অত্যাচার করতো না। আমি বাসার পাশেই পলিয়ে ছিলাম। এক মহিলা আমাকে সেখান থেকে নিয়ে যায়। তার বাসায় আমি এক মাস কাজ করি। তারপর আমার মেরুদণ্ড সমস্যা দেখা দিয়েছে। আমি এখন আর কাজ করতে পারি না।’
আরেক নারী বলেন, ‘আমার ভিসায় লেখা এক হাজার টাকা (সৌদি রিয়াল) কিন্তু আমাকের দিতো আটশ’ টাকা। তাও সব টাকা আমি পাইনি।’
ব্রাক মাইগেশন প্রোগ্রামের তথ্য কর্মকর্তা আল আমিন নয়ন বলেন, ‘তারা যেহেতু খালি হাতে দেশে ফিরেছে তাই যাতে ভালোভাবে বাড়িতে পৌঁছতে পারে সে ব্যবস্থা ব্রাক থেকে আমরা করেছি।’





