নেইমারের ইনজুরি যতটা না গুরুতর, তার চেয়েও বেশি ভয়াবহ করে বর্ণনা করেছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। এমন খবর জানিয়ে বিশ্ব ফুটবল অঙ্গনে শোরগোল ফেলেছে প্রভাবশালী ক্রীড়া সংবাদমাধ্যম ‘এল একুইপ’। নেইমারের ইনজুরি নিয়ে ব্রাজিলের ষড়যন্ত্র তত্ত্বের উদ্ভাবন করেছেন বলেও দাবি তাদের।
ফরাসি সংবাদমাধ্যমটি আরও দাবি করে, আসন্ন রাশিয়া বিশ্বকাপে নেইমারকে পুরোপুরি সতেজ পেতেই এমন ভনিতার আশ্রয় নিয়েছেন ব্রাজিল। এমনিতেই নেইমারের ইনজুরির পর থেকে ব্রাজিল এবং পিএসজির মধ্যে এক রকম কথার যুদ্ধ শুরু হয়। এ অবস্থায় এল একুইপের এমন বোমা ফাটানোয় দুই পক্ষই আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
ইনজুরির পর পিএসজি প্রাথমিক বিবৃতিতে জানিয়েছিল, নেইমারের চোট খুব একটা গুরুতর নয়। মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের বাঁচামরার ম্যাচেই রিয়ালের বিপক্ষে তার খেলার ব্যাপারে আশাবাদী ছিল প্যারিসের ক্লাবটি।
কিন্তু ইনজুরির নিয়ে ব্রাজিলে ফেরার পর জাতীয় দলের চিকিৎসক লাসমার দাবি করেন, ব্রাজিল যুবরাজের ইনজুরি জটিল। তা থেকে তাকে পুরোপুরি সেরে উঠতে তিন মাস লাগবে।
এল একুইপের ভাষ্য, নেইমারকে ট্রাম্প কার্ড বানিয়ে ফের বিশ্ব মঞ্চের শিরোপা ঘরে তুলতে চায় ব্রাজিল। এ জন্য পুরোপুরি ফিট ও সতেজ গোলমেশিনকে তাদের দরকার। তাই বাকি মৌসুমে পিএসজির হয়ে তাকে খেলতে না দেয়ার কারণে এমন কথাবার্তা ছুড়েছে ওই চিকিৎসক। তার যতটা না বিশ্রাম দরকার, এর চেয়েও বেশির কথা বলেছেন তিনি।
তাছাড়া চ্যাম্পিয়নস লিগ জিতে ইউরোপের ফুটবলে শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার লক্ষ্যেই নেইমারকে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ায় পিএসজি। তাই তাঁরা এই আসরের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারের উপস্থিতি আশা করছিল। কিন্তু ব্রাজিল দলের চিকিৎসকের এমন কথা বিশ্বাস করতে পারেনি দলটি। তারপর থেকে চলে আসছে এই বাকযুদ্ধ। আর এল একুইপ যেন সেই যুদ্ধ আরও উস্কে দিল।





