ছুরিকাঘাতে আহত হয়েছেন জনপ্রিয় কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। শাবি ক্যাম্পাসে শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে।

হামলার পর তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।এ ঘটনায় ছুরিকাঘাতকারী যুবককে আটক করেছে ছাত্ররা। তবে তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় গতকাল শুক্রবার ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের দুইদিনব্যাপী অনুষ্ঠান চলছিল। বিকালে এর সমাপনী অনুষ্ঠানে যাওয়ার পথে ক্যাম্পাসের মুক্তমঞ্চ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

মুক্তমঞ্চ এলাকায় পেছন থেকে ধারালো অস্ত্র দিয়ে ড. জাফর ইকবালের মাথায় আঘাত করা হয়। হামলাকারী দুইজন ছিল। হামলার পর সঙ্গে সঙ্গে এক হামলাকারীকে আটক করা হলেও মোটরসাইকেলযোগে আরেক হামলাকারী পালিয়ে যায়। এসময় ইব্রাহিম নামে একজন পুলিশ কনস্টেবলও ছুরিকাঘাতে আহত হন।

এদিকে, আটক যুবককে শিক্ষার্থীরা বেধড়ক পিটুনী দেয়। এখন সে বিশ্ববিদ্যালয় শিক্ষক ও পুলিশের হেফাজতে আছে। তবে এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি। পিটুনীতে অবস্থা আশংকাজনক।ড. জাফর ইকবালের ব্যক্তিগত সহকারী জয়নাল আবেদীন জানান, স্যারকে মাথায় আঘাত করা হয়েছে। এ মুহূর্তে তিনি সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।