খুলনার জনসভায় সুখবর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, একটা সুখবর দিতে চাই। ভোলায় অনেক গ্যাস পাওয়া গেছে। আমরা সে গ্যাস উত্তোলন করে পাইপলাইন দিয়ে ভোলা থেকে খুলনা ও বরিশালে নেয়ার ব্যবস্থা করে দিচ্ছি।
শনিবার বিকালে খুলনা সার্কিট হাউজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য উন্নয়ন। খুলনাসহ সারাদেশের অর্থনৈতিক অঞ্চল করে দিয়েছি। চিংড়ী চাষ হয় এখানে, এজন্য চিংড়ী গবেষণাগার তৈরি করে দিয়েছি।
তিনি বলেন, আর বিএনপি সব কারখানা বন্ধ করে দেয়। ব্যস্ত থাকে হত্যাকাণ্ডে।এসময় তিনি বিএনপির সময়ে নিহত দলীয় নেতাদের নাম উল্লেখ করেন।২০০৩ সালে খুলনায় বোমা হামলার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।খুলনা ছিল সন্ত্রাসের অভয়ারণ্য। আজকের খুলনা শান্তির নগরী, যোগ করেন তিনি।
প্রায় ১০০টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিস্থাপন শেষে তিনি বলেন, এই খুলনার সার্বিক উন্নয়নে কাজ করেছে সরকার। প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন করেছি। সারাদেশে বিনামূল্যে বই, বিনা পয়সায় চিকিৎসা সেবাসহ যা যা দরকার করে দিয়েছি। একটি বাড়ি একটি খামার প্রকল্প করে দিয়েছি।
শেখ হাসিনা বলেন, একটা মানুষও গৃহহীন থাকবে না। জাতির পিতার আদর্শ গ্রাম বাস্তবায়ন করছি। কেউ কুড়ে ঘরে থাকবে না, নিদেন পক্ষে একটা টিনের ঘর হলেও আমরা করে দেব, সে ব্যবস্থা নিচ্ছি।





