বরিশাল থেকে যাত্রী বোঝাই করে ঢাকা সদর ঘাটের উদ্দেশ্যে যাওয়ার পূর্ব মূহুর্তে এমভি কামাল-১ নামক লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বরিশাল টার্মিনালে নোঙর করা অবস্থায় আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে লঞ্চটির একটি কক্ষের টেলিভিশন ও বিছানার তোষকসহ বেশকিছু আসবাবপত্র পুড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যার দিকে বেশকিছু যাত্রী ওঠার পরে লঞ্চটির ৩১৭ নম্বর কেবিনে আগুন জ্বলতে দেখতে পাওয়া যায়। ওই সময় যাত্রীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। পরিস্থিতি দেখে লঞ্চ কর্তৃপক্ষ জেনারেটর বন্ধ করে আগুন নিয়ন্ত্রণ করে।

বরিশাল নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানিয়েছেন- ওই অগ্নিকাণ্ডের তেমন কোন ক্ষতি হয়নি। শুধুমাত্র একটি বৈদ্যুতিক পাখা ও বিছানার তোষক ক্ষতিগ্রস্থ হয়েছে।