প্রেম করে বিয়ে করায় সিরাজগঞ্জের সলঙ্গায় ভাতিজিকে কুড়াল দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করেছেন চাচা। নিহত মমতা খাতুন(২৬) সলঙ্গা থানার রানীনগর গ্রামের আব্দুল মজিদ মন্ডলের মেয়ে ও একই গ্রামের ছানোয়ার হোসেনের স্ত্রী।
শুক্রবার বেলা ১২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে সকাল ৭টার দিকে বাড়ির পাশেই পুকুর পাড়ে তাকে কুপিয়ে আহত করেন চাচা আমির হোসেন।
সলঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় সাড়ে ৪ বছর আগে রানীনগর গ্রামের মোজাম মন্ডলের ছেলে ছানোয়ার হোসেনকে প্রেম করে বিয়ে করেন একই গ্রামের মজিদ মন্ডলের মেয়ে মমতা খাতুন। ওই সময় পরিবার থেকে বিষয়টি মেনে না নেওয়ায় স্বামী-স্ত্রী উভয়ই ঢাকায় অবস্থান করেন। দীর্ঘদিন পর মমতার পরিবার এ সম্পর্ক মেনে নিলেও চাচা আমির হোসেন মানতে পারেননি। এ অবস্থায় মমতা বাবার বাড়ি বেড়াতে আসেন। শুক্রবার সকাল ৭টার দিকে বাড়ির পাশের পুকুরে খাবারের থালা বাসন পরিষ্কার করতে যায় মমতা। এ সময় পেছন থেকে চাচা আমির হোসেন কুড়াল দিয়ে তাকে এলোপাথারি কুপিয়ে আহত করে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) ভর্তি করা হয়। সেখানে অপারেশন থিয়েটারে নেওয়ার পর তার মৃত্যু হয়। এসআই মফিজুল আরও জানান, বগুড়া শজিমেকে ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।





