মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামের কৃষ্ণ পদ বিশ্বাস (৪৮) নামের এক নরসুন্দর বিষপানে আত্মহত্যা করেছেন। আজ বুধবার সকালে গ্রামের পার্শ্ববর্তী মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঋণের দায়ে সে আত্মহত্যা করেছে বলে দাবি করেছে কৃষ্ণর পরিবার। সে যুগিন্দা গ্রামের মৃত গোবিন্দ বিশ্বাসের ছেলে ও চিৎলা বাজারের নরসুন্দর (সেলুন) কাজ করতেন।
কৃষ্ণ’র বোন সাদু বিশ্বাস বলেন, কৃষ্ণ’র তিন ছেলেই প্রতিবন্ধী। কয়েক বছর আগে বড় ছেলে মারা গেছে। সংসারে স্বচ্ছলতা ফেরাতে বিভিন্ন এনজিও’র ঋণ নেন সে। কিন্তু ব্যবসা ভাল না থাকায় ঋণের দায়ে জর্জরিত হয়ে পড়েন। এর জের ধরে কয়েকদিন ধরে সংসারে অশান্তি বিরাজ করছিল। পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাতে বাড়ি থেকে বের হয় কৃষ্টা। সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য জাফর আলী বলেন, অভাবের কারণে সে আত্মহত্যা করেছে বলে ধারনা করছেন গ্রামবাসী।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, সুরতহাল প্রতিবেদনে বিষপান বলে প্রতীয়মান হচ্ছে। ঘটনাস্থল থেকে বিষের বোতল পাওয়া গেছে। তবে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করতে মরদেহ ময়নাতদন্তের উদ্যোগ নেয়া হয়েছে।





