কিং খানের নাইট রাইডার্সের হয়ে সর্বপ্রথম ২০১১ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) নাম লিখিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তারপর থেকেই টানা ৬টি বছর কলকাতা নাইট রাইডার্সের সাথেই কাটিয়েছেন তিনি। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর ১১তম আসরে সাকিবকে দেখা যাবে সানরাইজার্স হায়দ্রাবাদের জার্সিতে। দীর্ঘ ৭ বছর পর এবারের আইপিএলে কিংখানের কলকাতা ছেড়ে দিয়েছে সাকিব আল হাসানকে।

কিন্তু কলকাতা নাইট রাইডার্স সাকিবকে ছাড়লেও দলটির সর্বকালের সেরা একাদশে ঠিকই জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সম্প্রতি খেলাধুলা ভিত্তিক ভারতীয় একটি অনলাইন পোর্টাল ক্রিকউইজ কলকাতার সর্বকালের সেরা একাদশ প্রকাশ করেছে যেখানে রয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারেরও নাম। সাকিব ছাড়াও এই একাদশে বিদেশি তিন ক্রিকেটার হিসেবে রাখা হয়েছে সুনিল নারিন, জ্যাক ক্যালিস ও আন্দ্রে রাসেলকে।

আর দলটির অধিনায়ক হিসেবে থাকছেন গৌতম গম্ভীর। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে গম্ভীর ছাড়াও রয়েছেন রবিন উথাপ্পা, মনিষ পান্ডে, ইউসুফ পাঠান ও মনোজ তিওয়ারি। এছাড়াও বোলার হিসেবে রাখা হয়েছে লক্ষ্মীপতি বালাজি ও পিয়ুস চাওলাকে।

এক নজরে নাইট রাইডার্সের ক্রিকউইজের প্রকাশিত সেরা একাদশটি: গৌতম গম্ভীর (অধিনায়ক), রবিন উথাপ্পা, মনিষ পান্ডে, জ্যাক ক্যালিস, মনোজ তিওয়ারি, ইউসুফ পাঠান, সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, সুনিল নারিন, পিয়ুস চাওলা, লক্ষ্মীপতি বালাজি।