সারাদিন কষ্ট করে সহপাঠীরা মিলে শহীদ মিনার বানিয়েছি, সকালে ফুল সংগ্রহ করেছি, আশা ছিল সকাল বেলা প্রভাতফেরি শেষে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবো। কিন্তু সকালে মাদ্রাসায় গিয়ে দেখি সব শেষ।’ কথাগুলো কাঁদতে কাঁদতে বলছিল দুমকির দক্ষিণ মুরাদিয়া মহিলা ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী মরিয়ম।

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে মাদ্রাসাটির শিক্ষার্থীদের তৈরী করা শহীদ মিনার মঙ্গলবার গভীর রাতে ভেঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা।

সরেজমিনে দেখা যায়, কলাগাছে রঙ্গীন কাগজ মুড়িয়ে তৈরী করা শহীদ মিনারটি দুমড়ে মুচড়ে পড়ে আছে। ভাঙার পর শহীদ মিনারের পাদদেশে ‘মহাপাপ’ শব্দটি লিখে গেছে তারা।

স্থানীয় অভিবাবক আমির হোসেন বলেন, এধরনের কাজ বাঙ্গালী জাতীয়তাবোধের ওপর সরাসরি আঘাত। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এই অভিবাবক।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কাজী শাহজালাল জানান, মেয়েদের তৈরী করা শহীদ মিনারটি রাতে কারা ভেঙ্গে ফেলেছে তা শনাক্ত করা সম্ভব হয়নি।

বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানিয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান আহম্মেদ বলেন, আমি এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং নতুন শহীদ মিনার নির্মানের উদ্যোগ নেয়া হয়েছে।