ইতালীতে পাঁচ দিনের সরকারি সফর শেষে বাংলাদেশে ফিরে খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের পর এই প্রথম প্রধানমন্ত্রী শেখ হাসিনা সামনে পেলেন সাংবাদিকরা। আজ সোমবার গণভবনে সফর সম্পর্কিত সংবাদ সম্মেলনে খালেদার রায় প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন,
এতিমের টাকা মেরে খেলে শাস্তি, এটা আদালতও দেয়, আল্লাহর তরফ হতেও দেয়। আমাদের তো কিছু করে নাই।
শেখ হাসিনা বলেন, রায়টা তো আমি দিইনি, রায়টা দিয়েছে কোর্ট। মামলাটা করেছে কে? ফখরুদ্দীন-মইনুদ্দীন সরকার। ফখরুদ্দীনকে গভর্নর করেছিল। নয়জনকে ডিঙ্গিয়ে মইন উ আহমেদকে সেনাপ্রধান করেছিল। আর ইয়াজউদ্দীন তো তাদের ছিলই। মামলাটা তারা দিয়েছে।
এই মামলাটা ১০ বছর চলেছে। এই মামলায় তিন বার জজ পরিবর্তন হয়েছে, সময় চেয়েছে ১০৯ বার। বহু টালবাহানা আপনারা দেখেছেন। ২৬১ দিনের মতো তারিখ পড়ল। আপিল বিভাগে ২২ বার রিট করা হয়েছিল। এত কিছুর পর তিনি মাত্র ৪৩ দিন কোর্টে হাজির হয়েছিলেন।
শেখ হাসিনা বলেছেন, ২০১৪ সালে নির্বাচন ঠেকানোর নামে তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। গাড়িতে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করেছে। ২০১৩-১৫ পর্যন্ত তারা পাঁচশর মতো মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। আমাকে যখন জেলে নিয়ে গেল আমি জিল্লুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি করলাম। আমি আমার বোনকেও করিনি, ছেলেকেও করিনি। আর আমি কিছু বলতে চাই না। আমরা কিছু বললে তো অনেক দোষ।
তিনি আরও বলেন, দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হলে কেউ তাদের দলে থাকতে পারবে না, তারা সেটা সংশোধন করে নিল। এটা ঠিক চেয়ারম্যান না থাকলে এক নম্বর ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান হবেন চেয়ারম্যান। কিন্তু তিনিও আবার ফেরারী আসামি। আমার প্রশ্ন বিএনপিতে কি এমন কোনো নেই, যাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা যেত। একটা লোক কি খুঁজে পাওয়া গেল না, যাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা যেত।
ফোরজি সেবার ঘোষণা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশবাসীর জন্য একটি সুখবর দেই। আর তা হচ্ছে আজ থেকে আমরা ফোর-জি নেটওয়ার্ক যুগে প্রবেশ করছি।ফোর-জি নেটওয়ার্কের মাধ্যমে ডিজিটাল মহাসড়কে আমরা এক নতুন মাইলফলক স্থাপন কররলাম।’
ফোরজি ঘোষণায় নিজের সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফোর-জি চালুর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিটিআরসি, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারিকে ধন্যবাদ জানান।
ফোর-জি চালুর ঘোষণার পাশাপাশি আগামী মার্চ মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। আগামী মার্চ মাসেই এই স্যাটেলাইট উৎক্ষেপণের আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আগামী মার্চ মাসে উৎক্ষেপণ হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট। গতকাল আমি এ বিষয়ে সর্বশেষ প্রস্তুতির খবরাখবর নেই। ফ্লোরিডার আবহাওয়ার ওপর ভিত্তি করে আসছে মার্চ মাসেই উৎক্ষেপিত হতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইট। আর এর মাধ্যমে আমাদের নিজেদের একটি স্যাটেলাইট হবে।’
প্রসঙ্গত, আজ সোমবার সন্ধায় আনুষ্ঠানিকভাবে দেশের মোবাইল সংযোগ অপারেটরগুলোকে ফোর-জি লাইসেন্স প্রদান করবে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি।





