জাতিসংঘের মহাসচিবের দপ্তর বাংলাদেশে এমন একটি পরিবেশ আশা করছে- যেখানে সব দলের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে।
গতকাল নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজাররিক এসব কথা জানান।
মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার ব্যাপারে আশাবাদী মহাসচিব। ঐকমত্যের ভিত্তিতেই সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন হবে বলে এটাই আশা প্রকাশ করছেন তিনি।
নিয়মিত ব্রিফিংয়ে প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা বিএনপি খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে জাতিসংঘের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নেয়া হবে কীনা এবং তাকে মুক্তি দেয়া না হলে জাতিসংঘের প্রতিক্রিয়া জানতে চান।
এর জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজাররিক বলেন, ‘ এব্যাপারে আমরা আমাদের উদ্বেগ প্রকাশ করেছি এবং আমরা আশা করবো যে … বিশ্বের যেকোনো দেশের মতোই … এটি আমাদের প্রধান অবস্থান। ’
সংবাদ সম্মেলনে বাংলাদেশের রোহিঙ্গা সঙ্কট নিয়েও কথা বলেন জাতিসংঘ মহাসচিবের এই মুখপাত্র।
খালেদার রায়কে কিভাবে দেখছে জাতিসংঘ ও বিশ্ব
বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ডের রায় এবং রায়-পরবর্তী ঘটনাপ্রবাহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘসহ আন্তর্জাতিক বিশ্ব। এরই মধ্যে এ ঘটনায় সহিংসতা হলে তা অবশ্যই উদ্বেগের বিষয় হবে উল্লেখ করে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
একই সঙ্গে বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আহ্বান জানানো অব্যাহত রাখবে বলে জানিয়েছে জাতিসংঘ।
বৃহস্পতিবার রাতে নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক এ কথা জানান।
ব্রিফিংয়ের বিবরণী থেকে জানা গেছে, জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক ব্রিফিংয়ের শুরুতে যেসব বিষয় নিয়ে কথা বলেন তাতে খালেদা জিয়ার বিরুদ্ধে রায় ও বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ ছিল না। তবে প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা খালেদা জিয়ার সাজার প্রসঙ্গ তুলে ধরে জাতিসংঘের প্রতিক্রিয়া জানতে চান।





