চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গত বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ২টি বিদেশী পিস্তল,১০ রাউন্ড গুলি ও ৩টি ম্যাগজিনসহ সোলায়মান আলী (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তিনি ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে।

একইদিন দুপুরে শিবগঞ্জে পুলিশী অভিযানে ৫টি শ্যুটারগানসহ গ্রেপ্তার হয় এক যুবক। এ নিয়ে বৃহস্পতিবার পৃথক দুই অভিযানে ৭ আগ্নেয়াস্ত্রসহ দুজন গ্রেপ্তার হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহম্মদ সাঈদ আবদুল্লাহ আল মুরাদ শুক্রবার জানান, উপজেলার কানসাট কলাবাড়ী এলাকার একটি আমবাগানে রাত সাড়ে ১০টায় অভিযান চালানো হয়।

এ সময় অবৈধ আগ্নেয়াস্ত্র ব্যবসাযী সোলায়মানের হাতে থাকা একটি শপিং ব্যাগে অবৈধ অস্ত্র পাওয়া গেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন যাবৎ অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানিয়েছে র‌্যাব। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।