জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি তারেক রহমানকে ইন্টারপোলের মাধ্যমে শিগগিরই দেশে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।
শাজাহান খান বলেন, ‘আদালতের সিদ্ধান্তের ওপর কারও হাত নেই। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়ার রায়ের সার্টিফায়েড কপি পেতে কেন দেরি হচ্ছে, এ বিষয়ে আদালতই ভালো বলতে পারবেন। এখানে সরকারের কোনো হাত নেই। বিএনপি অযথা সরকারের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে।’
শুক্রবার সকালে মাদারীপুরে চরমুগরিয়া মার্চেন্টস বহুমুখী উচ্চ বিদ্যালয়ে ৫০ লাখ টাকা ব্যয়ে ইন্ডিয়ান হাইকমিশনের অর্থায়নে নতুন ভবনের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া ও তারেক রহমান আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন কিনা এটা নির্ভর করছে আদালত ও নির্বাচন কমিশনের ওপর। এক্ষেত্রে সরকারের কিছুই করার নেই।’
মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার সব দলকে সঙ্গে নিয়েই নির্বাচন করতে চায়। তবে ২০১৪ সালে নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, সেটার খেশারত তারা এখনও দিচ্ছে। আশা করছি, আগামী নির্বাচনে তারা এমন ভুল করবে না।’
এ সময় উপস্থিত ছিলেন- মাদারীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, সদর থানার ওসি কামরুল হাসান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহজাহান হাওলাদার, মাদারীপুর পৌরসভার ৮নং ওয়ার্ড সদস্য খলিল বেপারী প্রমুখ।
এরআগে নৌ পরিবহনমন্ত্রী অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া হায়দার কাজী জুট মিল পরিদর্শন করেন। তিনি ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাসের পাশাপাশি মিলটি পুনরায় চালু করার প্রতিশ্রুতি দেন।
গত সোমবার অগ্নিকাণ্ডে এই জুট মিলের কয়েকটি গুদাম ও গুদামে রাখা বিপুল পরিমাণ পাট পুড়ে যায়।





