দিনাজপুরের বিরামপুরে অবৈধ প্রেমের জেরে দেবরকে নিয়ে স্বামীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।বুধবার রাতে উপজেলার কাটলা ইউনিয়নের খিয়ার মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার লাশ উদ্ধার করে দিনাজপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্বামীকে হত্যার অভিযোগে নিহতের স্ত্রী ও তার ছোট ভাইকে আটক করে এলাকাবাসী পুলিশের কাছে সোপর্দ করেছে। নিহত আমির চাদে (২৮) কুমিল্লার একটি কোম্পানিতে চাকরি করতেন।
এলাকাবাসী জানায়, ইউনিয়নের খিয়ার মামুদপুর গ্রামের মৃত আবদুল কাদেরের বড় ছেলে আমির চাদেঁর (২৮) সঙ্গে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিদ্দি গ্রামের দুদু মিঞার মেয়ে ফারজানা বেগমের (২৫) প্রেমের সম্পর্কে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর আমির চাঁদ শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে তার স্ত্রী দেবর রাসেল মিয়ার (১৮) সঙ্গে দৈহিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এরপর বুধবার রাতে আমির চাঁদ ছুটিতে বাসায় আসলে পরিকল্পিতভাবে স্ত্রী ও ছোটভাই তাকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের বর্গার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করে। বিষয়টি জানাজানি হলে তাদের ধরে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার এবং ফারজানা ও রাসেলকে আটক করে।
এ বিষয়ে বিরামপুর থানার এসআই রজব আলী বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্ত্রী ও ছোট ভাইকে আটক করা হয়েছে। তবে ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।





