নিশ্চয়ই শের আলীর কথা মনে আছে! সড়ক দুর্ঘটনায় পতিত এক শিশুকে বাঁচাতে তাঁর কী রকম আকুতি। এই তিনি দেশবিদেশে অনেক সুনাম কুড়িয়েছেন। কুমিল্লায় নিজের মারাত্মক ঝুঁকি নিয়ে ডোবায় ডুবন্ত বাসের ভিতর থেকে বের করে এনে বাঁচিয়ে দিয়েছিলেন ২২টি মানুষের প্রাণ।

পুলিশে এমন আরো অনেক জ্বলন্ত মানবিক দৃষ্টান্ত আছে। এবার এই মানবতার সড়কের সারথী হলেন আরেক পুলিশ। তিনি কক্সবাজারের মহেশখালী থানার পুলিশ দায়িত্বরত কনস্টবল আফতাব উদ্দিন।

ঘটনাটি গত বৃহস্পতিবারের (১৪ ফেব্রুয়ারি)। তিনি হয়তো কারো জীবন বাঁচাতে নিজের জীবনকে বাজি ধরেননি বটে। ঘটনাটি এরকম- ‘আদিনাথ মন্দির এলাকা। অসহ্য রকমের ভিড়, সময় মতো পূজা দিতে হবে তাই সবাই যে যার মতো নিজের বিষয়ে ব্যস্ত। মা-তুল্য বুড়ো নারীটি কাতর স্বরে সবার কাছে আকুতি রেখে চলছে- তারে যেনো মূল মন্দিরে ঢোকার সুযোগ দেওয়া হয়। বহু সময় ধরে এই অবস্থা চলার পর দৃশ্যটি সবাই অগ্রাহ্য করলেও এমন মানবিক ছবিটি চোখ এড়ায়নি একজন পুলিশ কনস্টবলের।’

তিনি পুলিশ কনস্টেবল আফতাব উদ্দিন। পরের ঘটনা এরকম- পাঁজাকোলা করে বুকে তুলে নিলেন প্রায়ই হাঁটতে অক্ষম এই মা-মানুষটিকে। মন্দিরের একেবারে জিরো পয়েন্টে নিয়ে গিয়ে পূজা ও প্রাণখুলে প্রার্থনা করবার সুযোগ করে দিয়ে শেষতক কোলে করে আবার রেখে আসলেন নিরাপদ অবস্থানে। ডিউটির ব্যস্ততম সময়ে এই ছোটো একটি কাজ করতে পেরে বেশ প্রফুল্ল এই মুসলিম পুলিশ। এমন বিরল মানবিক দৃশ্যের ছবিটি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।