গাইবান্ধায় নিখোঁজের ৯ দিন পর আখি নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সদর উপজেলার রাধাকৃষ্ণপুর এলাকার একটি ইটভাটার টয়লেট থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, ইট ভাটার শ্রমিকরা টয়লেটে পঁচা গন্ধ পায়। পরে তারা টয়লেটের ঢাকনা খুলে ১২ বছর বয়সী একটি মেয়ের লাশ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত লাশটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। তবে, রাতে মেয়েটির বাবা আক্কাছ আলী লাশটি শনাক্ত করেন।
তিনি জানান, ৯ দিন আগে দক্ষিণ গাগুয়া গ্রাম থেকে ৫ম শ্রেণিতে পড়ুয়া মেয়ে আখি নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে তাকে পায়নি পরিবার। তিতু মিয়া নামে এক বখাটে আখিকে উত্যক্ত করতো বলে জানান নিহতের বাবা। এ হত্যাকাণ্ডের সঙ্গে তিতু মিয়া ও তার সহযোগীরা জড়িত বলে অভিযোগ করেন তিনি।
নিহত আখির বাবা আক্কাছ আলী বলেন, ‘আজ ৯ দিন ধরে আমার মেয়েটা নেই। নিখোঁজ হয়ে গেছে। আজ মেয়েটার লাশ পেলাম। তিতু নামের ছেলেটা, ওর সাথে আরো কয়েকজন ছেলে ছিলো আমার মেয়েকে ওরা উত্ত্যক্ত করত।’
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার বলেন, ‘এটা একটা হত্যাকাণ্ড। যে কেউ হত্যা করেই তার লাশটা গোপন করার জন্য টয়লেটে ফেলে রেখেছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’





