উচ্চ আদালতের নির্দেশে অবশ্যই খালেদা জিয়াকে ডিভিশন দেওয়া হয়েছে। তিনি এই ডিভিশন পাবেন জেল কোড অনুসারে। তাকে তো আর জেলখানায় গুলশানের সুবিধা দেওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১২ ফেব্রুয়ারি) কক্সবাজার-টেকনাফ সড়কটিকে শহীদ এটিএম জাফর আলম আরকান সড়ক নামকরণ ও গেট উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, লন্ডনে বাংলাদেশ দূতাবাস ভবনে হামলা ও বঙ্গবন্ধুর প্রতিকৃতি অবমাননার ঘটনায় তারেক রহমান জড়িত। তিনি লন্ডনে অবস্থান করে নানাভাবে এ ধরনের ঘটনা ঘটিয়ে চলেছেন। দূতাবাসে হামলার বিষয়টি ইন্টারপোল সদর দফতরে জানানো হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে এবং দণ্ডিত ব্যক্তিকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে আন্তর্জাতিক প্রক্রিয়া চলছে।

এসময় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আন্তর্জাতিক প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার দুপুরে পুরান ঢাকার বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায় ঘোষণা করেন। রায়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছর এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, মাগুরার সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমানকে ১০ বছর করে কারাদণ্ডাদেশ এবং দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়।