আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির মামলার ৮ ফেব্রুয়ারির রায় যে যেভাবেই দেখুন না কেন,
আমরা মনে করি দুর্নীতির বিরুদ্ধে আদালত যে রায়টি দিয়েছেন তা বাংলাদেশের দুর্নীতি-প্রবণ রাজনীতিকদের জন্য সর্তকবার্তা। আমি এভাবেই বিষয়টিকে দেখছি।
আজ শনিবার সকালে নারায়ণগঞ্জের মেঘনাঘাটে মেঘনা সেতুর সুপারস্ট্রাকচার কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, পলিটিক্যাল বক্তব্য দিয়ে প্রতিপক্ষকে ঘায়েল করা আমাদের মূখ্য কাজ নয়। দেশের উন্নয়নটা আমাদের কাছে মূখ্য। রাজনীতি আছে থাকবে। রাজনৈতিক দল আছে, দেশে নির্বাচন আছে, এসব জেল জুলুমও থাকে, রাজনীতি করলে জেল জুলম তো আছে এগুলো সহ্য করেই এখানে ক্ষমতায় এসেছি। আমাদের নেত্রীকেও জেল খাটতে হয়েছে।
তিনি বলেন, রায়ে আগে রাতের আধারে বিএনপি তাদের গঠনতন্ত্র থেকে ৭নং ধারা তুলে দিয়ে প্রমাণ করেছে তারা আত্মস্বীকৃত দুর্নীতিবাজ।
এ সময় মন্ত্রীর সাথে সেতুর প্রকল্প পরিচালক সাইদুল হক, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব:) মোহাম্মদ আলী সুমন, নারায়নগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুমসহ সড়ক ও জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





