বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সাজার প্রতিবাদে বিক্ষোভ করছে বিএনপি।শুক্রবার জুমার নামাজের পর সারাদেশে বিক্ষোভ কর্মসূচি অগেই ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শেষ খবর পাওয়া পর্যন্ত রাজধানীর নয়া পল্টনে বিএনপির কর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ তাতে বাধা দেয়। এসময় পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষ বাধে।মিছিল থেকে দুই জনকে আটক করেছে পুলিশ।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৫বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।এ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ১০ বছর কারাদণ্ড প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে এ রায় ঘোষণা করেন মামলার বিচারক ঢাকার পঞ্চম বিশেষ জজ মো. আখতারুজ্জামান।মামলার অন্যান্য ৫ আসামীকেও ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সাজা প্রাপ্ত অন্য আসামীরা হলেন- সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের বোনের ছেলে মমিনুর রহমান। মামলায় শুরু থেকে পলাতক আছেন তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।রায়ে ২কোটি ১০লক্ষ ৭১ হাজার টাকা সমপরিমান জরিমানাও ধার্য করা হয়েছে।এর আগে বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে আদালতে পৌঁছায় খালেদা জিয়ার গাড়ি বহর।