কারাগারের খাবার নয়, প্রতিদিন বাসা থেকে পাঠানো খাবার খাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এই খাবার বাসা থেকে কারাগারে আনা-নেওয়া করবেন তার পরিবার ঘনিষ্ঠরা। তবে কে এই দায়িত্ব পালন করবেন তা জানা যায়নি।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ম্যাডাম বাসা থেকে নেওয়া খাবার খাবেন। তিনি বাইরের খাবার খাবেন না।’
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া, এ মামলার অন্য আসামি তার বড় ছেলে তারেক রহমানসহ বাকি পাঁচ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একইসঙ্গে তাদের প্রত্যেককে দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানাও করা হয়েছে।
আদালত থেকে কারাদণ্ড দেওয়ার পর খালেদা জিয়াকে রাখা হয়েছে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের অফিস ভবনে। মূল ফটক দিয়ে ঢুকে বামেই সিনিয়র জেল সুপারের যে অফিস কক্ষ ছিল, সেখানেই তাকে রাখা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্মকর্তারা।





