শেখ হাসিনা সেনানিবাসসহ ৮৮টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন এবং আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে বরিশাল সফরে এসেছেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
বৃহস্পতিবার সকাল সোয়া ১১টার সময় প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে পটুয়াখালী জেলার লেবুখালীতে স্থাপিত শেখ হাসিনা সেনানিবাসে পৌঁছান তিনি।সফরের শুরুতে প্রধানমন্ত্রী পটুয়াখালীর লেবুখালীতে শেখ হাসিনা সেনানিবাস উদ্বোধন করবেন এবং ৭ পদাতিক ডিভিশনসহ ১১টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেবেন।
একই স্থান থেকে প্রধানমন্ত্রী ১৪টি উন্নয়ন কাজের উদ্বোধন ও একটি কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।পরে বিকেল তিনটায় বরিশাল বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। জনসভা মাঠ থেকে প্রধানমন্ত্রী ৩৯টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ৩৩টি কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।
এ জনসভাকে স্মরণকালের বড় জনসভায় পরিণত করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জনসভায় তিন লক্ষাধিক মানুষের সমাগম ঘটানোর টার্গেট নেওয়া হয়েছে। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এ সফর তার অবিচল দৃঢ়তার প্রমাণ বলে মনে করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতারা। প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রচারণার এই জনসভাকে ঘিরে নগরজুড়েই শোভা পাচ্ছে তোরণ, বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন।





